যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৮ এএম

ছবি: সংগৃহীত

মার্কিন অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি)। মাত্র একদিনের বিরতির পর আবারও গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করে দিয়েছে তেহরান।

শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি জানায়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চরম আস্থাহীনতার কারণেই তারা এমন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

এর আগে শুক্রবার সাময়িকভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার উদ্যোগ নেয় ইরান। তবে যুক্তরাষ্ট্র তাদের অবরোধ নীতি বহাল রাখায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসে পুনরায় প্রণালিটি বন্ধ করে দেয় দেশটি।

আইআরজিসির পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, হরমুজ প্রণালির আশপাশে কোনো বিদেশি জাহাজের উপস্থিতিকে শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে হামলা চালানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এদিকে পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত সব বাণিজ্যিক জাহাজকে সতর্কবার্তা পাঠিয়েছে ইরান। তাদের বর্তমান অবস্থান পরিবর্তন না করার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের অভিযোগ, আলোচনা চালানোর আড়ালে যুক্তরাষ্ট্র বারবার অবরোধ দীর্ঘায়িত করছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495