লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পিএম
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে ১৭ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে লিবিয়ার উপকূল থেকে। দেশটির রাজধানী ত্রিপোলির পশ্চিমে অবস্থিত জুয়ারা উপকূল এলাকায় গত কয়েক দিনে এসব মরদেহ উদ্ধার করা হয়।
লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার জানিয়েছে, ত্রিপোলি থেকে প্রায় ১১৭ কিলোমিটার পশ্চিমের এই উপকূলীয় অঞ্চল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। সংস্থাটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে উদ্ধার অভিযানের ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সতর্কতার সঙ্গে মরদেহগুলো সাদা ব্যাগে ভরে অ্যাম্বুলেন্সে তুলছেন।
নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে স্থানীয় চিকিৎসকদের একটি দল নিশ্চিত করেছে। পরে তার মরদেহ ত্রিপোলিতে অবস্থানরত পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাকি মরদেহগুলোর মধ্যে ১৪ জনকে যথাযথ ধর্মীয় ও আইনি প্রক্রিয়ায় দাফন করা হয়েছে। অপর দুইজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে, যাতে নিহতদের পরিচয় ও মৃত্যুর সঠিক কারণ জানা যায়। সাধারণত ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবি বা সাহারা মরুভূমি অতিক্রমের সময় পানি ও খাদ্য সংকটে এমন প্রাণহানির ঘটনা ঘটে।
২০১১ সালে নেটো সমর্থিত বিদ্রোহের মাধ্যমে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া ইউরোপে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুটে পরিণত হয়েছে। দারিদ্র্য, যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতা থেকে বাঁচতে আফ্রিকা ও এশিয়ার হাজারো মানুষ জীবন ঝুঁকিতে ফেলে লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করে।