আর ভদ্রলোক থাকব না: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১১:৩৯ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে তিনি বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তি গ্রহণ না করে, তাহলে আর কোনো ‘ভদ্রতা’ দেখানো হবে না।
রোববার (১৯ এপ্রিল) দেওয়া এক বক্তব্যে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালীতে ইরানের গুলি চালানো যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন। তিনি জানান, একটি ফরাসি জাহাজ এবং যুক্তরাজ্যের একটি মালবাহী জাহাজকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র একটি ‘ন্যায্য ও যুক্তিসঙ্গত’ প্রস্তাব দিয়েছে এবং ইরান সেটি গ্রহণ করবে বলে তিনি আশা করছেন। তবে তা না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, যেমন বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো লক্ষ্যবস্তু করা হতে পারে বলেও হুমকি দেন তিনি।
এদিকে, পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে নতুন করে বৈঠক হওয়ার কথা রয়েছে। যদিও আগের বৈঠকগুলোতে কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি, তবুও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
অন্যদিকে, ইরান স্পষ্ট করে জানিয়েছে—যুক্তরাষ্ট্র তাদের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ না তুললে হরমুজ প্রণালী খোলা হবে না। এই প্রণালী দিয়ে যেসব জাহাজ অনুমতি ছাড়া চলাচলের চেষ্টা করবে, সেগুলোকে ‘লক্ষ্যবস্তু’ করা হবে বলে সতর্ক করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।
ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালী তাদের সার্বভৌমত্বের অংশ এবং সেখানে যেকোনো সামরিক পদক্ষেপের জবাব কঠোরভাবে দেওয়া হবে। এমনকি মার্কিন নৌবাহিনী সরাসরি সংঘর্ষে যেতে দ্বিধাগ্রস্ত বলেও দাবি করেছে তেহরান।
বিশ্লেষকরা বলছেন, পারস্য উপসাগরে চলমান এই উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলে বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব পড়তে পারে।