হরমুজ প্রণালির টোল থেকে প্রথম আয় পেল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পিএম
হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজ থেকে প্রথমবারের মতো টোল আদায় শুরু করেছে ইরান। বৃহস্পতিবার দেশটির সংসদের উপ-স্পিকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আদায়কৃত টোলের প্রথম কিস্তির অর্থ ইতোমধ্যেই ইরানের কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে জমা হয়েছে। সংসদের আরেক সদস্যের বরাতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জাহাজের ধরন, বহন করা পণ্যের পরিমাণ এবং ঝুঁকির মাত্রা বিবেচনায় টোলের হার নির্ধারণ করা হচ্ছে। মূলত হরমুজ প্রণালিতে নিরাপত্তা জোরদার এবং সংশ্লিষ্ট ব্যয় মেটাতেই এ নিরাপত্তা কর আরোপের সিদ্ধান্ত নেয় ইরানের সংসদ।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন দেখা দেয়। এই পরিস্থিতিতে ইরান জলপথটির ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করে এবং নির্দিষ্ট শর্তে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেয়। এরই ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে টোল আদায় শুরু করল দেশটি।
সূত্র: বিবিসি, রয়টার্স