শান্তি আলোচনায় পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৩ এএম
শান্তি আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছে। শুক্রবার রাতে তাদের বহনকারী বিমান ইসলামাবাদে অবতরণ করে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের আগমন ঘটছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার ইসলামাবাদে আসছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, শনিবার ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে পারে। তবে তেহরান এই বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে। তাদের দাবি, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আনুষ্ঠানিক বৈঠকের পরিকল্পনা নেই।
পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসলামাবাদে পৌঁছানোর পর ইরানি প্রতিনিধিদলকে স্বাগত জানান দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা। সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ইসহাক দারের সঙ্গে বৈঠক করবেন।
এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ইরান আলোচনায় আগ্রহী বলেই তাদের ধারণা। তবে প্রতিনিধি দলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স না থাকার বিষয়েও ব্যাখ্যা দিয়েছেন তিনি। তার মতে, আলোচনার অগ্রগতি ইতিবাচক হলে পরবর্তীতে ভাইস প্রেসিডেন্ট সফরে যেতে পারেন।