দুই মাস পর আবারও আন্তর্জাতিক ফ্লাইট চালু করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

প্রায় দুই মাস বন্ধ থাকার পর আবারও আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে ইরান। শনিবার (২৫ এপ্রিল) থেকে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের পর দেশটি তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

দুই সপ্তাহ আগে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি আলোচনা অনুষ্ঠিত হলেও তা ফলপ্রসূ হয়নি। বর্তমানে দ্বিতীয় দফা আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদে অবস্থান করছেন। একই সময়ে যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার পাকিস্তানের রাজধানীর পথে রয়েছেন।

পরিস্থিতি উন্নতির ধারাবাহিকতায় এর আগে দেশটির বিভিন্ন বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা হয়। সর্বশেষ আন্তর্জাতিক ফ্লাইট চালুর মাধ্যমে আকাশপথে যোগাযোগ আংশিকভাবে স্বাভাবিক হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরান থেকে প্রথম দফায় যেসব ফ্লাইট ছেড়ে গেছে, সেগুলোর গন্তব্য তুরস্কের ইস্তাম্বুল, ওমানের মাসকাট এবং সৌদি আরবের মদিনা।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495