নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরাইলজুড়ে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পিএম
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের পদত্যাগের দাবিতে তেল আবিবসহ দেশটির বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনার নিরপেক্ষ তদন্তে একটি আনুষ্ঠানিক কমিশন গঠনেরও দাবি জানান।
তেল আবিবের হাবিমা স্কয়ার বিক্ষোভের প্রধান কেন্দ্রস্থল হিসেবে পরিণত হয়। সেখানে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই হাজার হাজার মানুষ জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।
গাজা উপত্যকায় আটক বন্দিদের প্রতি সরকারের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, বন্দিদের বিষয়ে সরকার যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
এদিকে জেরুজালেমেও শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন। হাইফার হোরেভ সেন্টারে প্রায় এক হাজার বিক্ষোভকারী সমবেত হন। দেশটির আরও বিভিন্ন এলাকায় একই ধরনের প্রতিবাদ কর্মসূচির খবর পাওয়া গেছে।
তবে ৭ অক্টোবরের হামলার বিষয়ে কোনো রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনে এখনো অনড় অবস্থানে রয়েছেন নেতানিয়াহু সরকার।
এর আগে, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
সূত্র: আনাদোলু