লেবাননে ইসরায়েলি সেনাদের ওপর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:৫১ এএম

ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দক্ষিণাঞ্চলের সীমান্তঘেঁষা তাল আল-নাহাস এলাকায় ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনের একটি সমাবেশ লক্ষ্য করে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কফর কিলা গ্রামের উপকণ্ঠে অবস্থান নেওয়া ইসরায়েলি সামরিক বাহিনী-এর সদস্যদের লক্ষ্য করেই এ হামলা পরিচালিত হয়েছে বলে গোষ্ঠীটির এক বিবৃতিতে জানানো হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) ভোরে তারেক চুইরেফের প্রতিবেদনে বলা হয়, সীমান্তবর্তী এলাকায় মোতায়েন থাকা ইসরায়েলি সেনাদের ওপর সরাসরি আঘাত হানে এই হামলা, যা পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

এর আগে রবিবার ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করে, দক্ষিণ লেবাননে সংঘর্ষ চলাকালে তাদের একজন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর, দু’জন মাঝারি আঘাত পেয়েছেন। তবে হতাহতের নির্দিষ্ট সময় ও প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েল ও লেবাননের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের প্রতিবাদেই তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালাচ্ছে।

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সূত্রপাত ঘটে গত ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা শুরু করে। এর দুই দিন পর ২ মার্চ, হিজবুল্লাহর আন্তঃসীমান্ত হামলার জবাবে ইসরায়েল লেবাননে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে।

বর্তমানে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের একাধিক এলাকা দখলে নিয়ে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া এই বিস্তৃত হামলায় এ পর্যন্ত আড়াই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

পুরো অঞ্চল এখন এক বড় ধরনের যুদ্ধের আশঙ্কায় রয়েছে। যুদ্ধবিরতির আলোচনা চললেও সীমান্তজুড়ে প্রতিনিয়ত পাল্টাপাল্টি হামলা চলছে। সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হিজবুল্লাহ জানিয়ে দিয়েছে, তারা এখনও সক্রিয় এবং ইসরায়েলি অগ্রযাত্রা ঠেকাতে দৃঢ়প্রতিজ্ঞ।

অন্যদিকে, ইসরায়েলও তাদের সেনাদের নিরাপত্তা নিশ্চিত ও হিজবুল্লাহর সক্ষমতা ধ্বংসে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। কূটনৈতিক প্রচেষ্টা চললেও দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495