দিল্লির পর পাঞ্জাবেও ভরাডুবির শঙ্কায় অরবিন্দ কেজরিওয়ালের দল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:২০ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়ছে আম আদমি পার্টি-তে। দলটির অন্যতম পরিচিত মুখ রাঘব চাড্ডাসহ রাজ্যসভার দুই-তৃতীয়াংশ সদস্য ভারতীয় জনতা পার্টি-তে যোগ দেওয়ার পর দলজুড়ে ভাঙনের আশঙ্কা তীব্র হয়েছে। এতে চাপে পড়েছেন দলপ্রধান অরবিন্দ কেজরিওয়াল।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পার্লামেন্টে প্রতিনিধিত্ব কমে যাওয়ায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য পাঞ্জাব বিধানসভা নির্বাচন ঘিরেও শঙ্কা বাড়ছে। এর মধ্যেই আরও ২৮ জন বিধায়ক দল ছাড়তে পারেন—এমন গুঞ্জন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

দুর্নীতিবিরোধী অবস্থান ও রাজনীতিতে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ২০১২ সালে আত্মপ্রকাশ করে আম আদমি পার্টি। পরের বছরই দিল্লির নির্বাচনে চমক দেখিয়ে ৭০ আসনের মধ্যে ২৮টি জিতে নেয় দলটি এবং কংগ্রেসের সঙ্গে জোট করে সরকার গঠন করে।

যদিও সেই সরকার বেশিদিন টেকেনি, তবে ২০১৫ সালে এককভাবে ৬৭টি আসনে জয় পেয়ে ইতিহাস গড়ে দলটি। এরপর ২০২০ সালেও ৬২টি আসনে জয় পেয়ে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখে তারা।

তবে সময়ের সঙ্গে পাল্টেছে পরিস্থিতি। বর্তমানে দলটির একাধিক শীর্ষ নেতা বিজেপিতে যোগ দিচ্ছেন। রাঘব চাড্ডার পাশাপাশি রাজ্যসভার আরও ছয় সদস্য দলবদল করেছেন। ফলে রাজ্যসভায় দলটির মোট ১০ জন সদস্য কমে মাত্র তিনজনে দাঁড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।

বিশেষ করে পাঞ্জাব থেকে নির্বাচিত সদস্যদের সংখ্যাই বেশি হওয়ায় আসন্ন নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাংগঠনিক দিক থেকেও দলটি দুর্বল হয়ে পড়ছে।

এ প্রসঙ্গে দোরাইস্বামী রাজা বলেন, আম আদমি পার্টির উচিত কেন নির্বাচিত প্রতিনিধিরা দল ছাড়ছেন তা গুরুত্ব দিয়ে দেখা। তার মতে, এ পরিস্থিতির প্রভাব পাঞ্জাবের রাজনীতিতেও পড়বে।

অন্যদিকে, সমাজকর্মী আন্না হাজারে দলবদলকে গণতন্ত্র ও সংবিধানের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ব্যক্তিস্বার্থে দল পরিবর্তন করা উচিত নয় এবং এটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য নেতিবাচক।

এদিকে নতুন করে দলটির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথাও সামনে এসেছে। হরিয়ানার সাবেক রাজ্য সভাপতি নবীন জয়হিন্দ দাবি করেছেন, একযোগে ২৮ জন বিধায়ক দল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। এই ঘটনা সত্যি হলে বড় ধরনের সংকটে পড়তে পারে আম আদমি পার্টি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495