কালীঘাটে শুভেন্দুকে দেখা মাত্রই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পিএম
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটকে কেন্দ্র করে কলকাতার কালীঘাট এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বৃষ্টিভেজা আবহাওয়ার মধ্যেও ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে দিনের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে প্রার্থী শুভেন্দু অধিকারীকে ঘিরে।
বুধবার কালীঘাটের একটি ভোটকেন্দ্রে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই একদল তৃণমূল কর্মী-সমর্থক ‘চোর চোর’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এতে দ্রুতই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
স্থানীয় নেত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সমর্থকেরা সামনে এগিয়ে এলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অপর পক্ষ থেকেও পাল্টা স্লোগান শুরু হলে পুরো এলাকা উত্তপ্ত হয়ে পড়ে।
এ সময় শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বহিরাগতদের এনে তার ওপর হামলার চেষ্টা চলছে। তিনি নিরাপত্তা বাহিনীর সহায়তা কামনা করেন। তবে এসব অভিযোগ নাকচ করে কাজরী বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বরং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন শুভেন্দুই।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই বিক্ষোভকারীদের দিকে এগিয়ে যেতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে।