মার্কিন অবরোধ উপেক্ষা করে এশিয়ায় পৌঁছেছে ইরানি সুপার ট্যাঙ্কার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৩:৩২ পিএম

ছবি: সংগৃহীত

মার্কিন নৌবাহিনীর কঠোর নজরদারি ও অবরোধ এড়িয়ে ২২ কোটি ডলারের বেশি মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি সুপার ট্যাঙ্কার।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাঙ্কারট্র্যাকার্স ডটকমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির মালিকানাধীন ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) শ্রেণির জাহাজ ‘হিউজ’ বর্তমানে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি অতিক্রম করছে।

প্রতিবেদনে বলা হয়, জাহাজটিতে প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে, যার আন্তর্জাতিক বাজারমূল্য আনুমানিক ২২ কোটি মার্কিন ডলার। এক সপ্তাহ আগে এটিকে সর্বশেষ শ্রীলঙ্কার উপকূলের কাছে দেখা গিয়েছিল বলে জানানো হয়।

সূত্র অনুযায়ী, গত ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর নতুন অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার সময় জাহাজটি ইরানের জলসীমাতেই অবস্থান করছিল। এরপর ২০ মার্চ মালাক্কা প্রণালি অতিক্রমের পর এটি তার স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম) বন্ধ করে দেয়। ধারণা করা হচ্ছে, মার্কিন স্যাটেলাইট ও রাডার নজরদারি এড়াতেই এই কৌশল নেওয়া হয়েছে।

এদিকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান অবরোধ উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, অন্তত ৫২টি ইরানি জাহাজ মার্কিন অবরোধ ভেঙে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর দাবি, অবরোধ শুরুর পর থেকে ৪১টি ইরান-সম্পর্কিত জাহাজকে তারা ফিরে যেতে বাধ্য করেছে।

বিশ্লেষকদের মতে, ইরানি সুপার ট্যাঙ্কার ‘হিউজ’-এর সফল যাত্রা যুক্তরাষ্ট্রের অবরোধ কৌশলকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495