হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলায় নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:১৪ পিএম
হরমুজ প্রণালিতে নৌযানে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুই দেশই ঘটনার বিষয়ে একে অপরের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন অভিযোগ তুলেছে।
ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মার্কিন বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌযান নয়, বরং একটি বেসামরিক যাত্রীবাহী ছোট নৌকায় হামলা চালিয়েছে। এতে পাঁচজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে তেহরান অভিযোগ করেছে।
তেহরান আরও দাবি করে, মার্কিন ডেস্ট্রয়ারগুলো রাডার বন্ধ রেখে হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করে। পরে ইরানি নৌবাহিনী বিষয়টি শনাক্ত করে সতর্কতা জারি করে এবং কমব্যাট ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট ব্যবহার করে প্রতিক্রিয়া জানায় বলে জানানো হয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ভিন্ন বক্তব্য দিয়েছে। মার্কিন অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, আটকে পড়া একটি জাহাজকে নিরাপদে সরানোর সময় আইআরজিসির নৌযান বাধা সৃষ্টি করে। এরপর ছয়টি নৌযান ধ্বংস করা হয় বলে দাবি করেন তিনি। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ধ্বংস হওয়া নৌযানের সংখ্যা ছিল সাতটি।
এদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে এ ধরনের অনুপ্রবেশকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখা হবে এবং কঠোর জবাব দেওয়া হবে।