নির্বাচনে জয়লাভ করলেন বিজয়ের গাড়িচালকের ছেলে সাবারিনাথন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:৩২ পিএম
ভারতের তামিলনাড়ুর বিরুগামবাক্কম আসনে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই জয়ী হয়েছেন সাবারিনাথন। মাত্র ৩০ বছর বয়সী এই প্রার্থী অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির রাজনৈতিক দল টিভিকে-র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে তিনি ডিএমকে দলের প্রভাকারা রাজা এবং এআইএডিএমকে দলের বিরুগাই রভিকে পরাজিত করেন। প্রায় ২৭ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে তার এই জয় নিশ্চিত হয়।
সাবারিনাথন মূলত বিজয়ের ঘনিষ্ঠ সহযোগী রাজেন্দ্রনের ছেলে হিসেবে পরিচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জয়ের মাধ্যমে তিনি টিভিকে দলের নবীন প্রজন্মের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে উঠে আসছেন।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২৩৪ আসনের এই বিধানসভা নির্বাচনে টিভিকে শতাধিক আসনে এগিয়ে রয়েছে, যার মধ্যে বিরুগামবাক্কম আসনটি অন্যতম আলোচিত ফলাফল।
জয়ের পর প্রতিক্রিয়ায় সাবারিনাথন বলেন, এই অর্জনে তিনি অত্যন্ত আনন্দিত এবং বিজয়ের প্রতি কৃতজ্ঞ। তার দাবি, এই ফলাফল তামিলনাড়ুর রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
এর আগে একটি আবেগঘন ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তিনি আলোচনায় আসেন, যেখানে বিজয় তাকে সান্ত্বনা দিতে দেখা যায়, যা ব্যাপক সাড়া ফেলে।
বিশ্লেষকদের ধারণা, এই জয় শুধু ব্যক্তিগত সাফল্য নয় বরং তামিলনাড়ুর রাজনীতিতে নতুন শক্তির উত্থানেরও ইঙ্গিত বহন করছে।