কংগ্রেসের সমর্থনে সরকার গঠনের পথে বিজয়, ক্ষমতা ভাগাভাগির আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:০৬ এএম

ছবি: সংগৃহীত

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয় থালাপাতির বড় জয়ের পর তার দলকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এই সিদ্ধান্তে রাজ্যের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ, আর জোরালো হয়েছে ক্ষমতা ভাগাভাগির আলোচনা।

কংগ্রেসের এক সাংসদ বিষয়টি নিশ্চিত করে জানান, দলটির রাজনৈতিক বিষয়ক কমিটি বিজয়ের দল তামিলগা ভেত্রি কাজাগামকে সরকার গঠনে সমর্থনের অনুমোদন দিয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে তামিলনাড়ু কংগ্রেস কমিটিকে।

দলীয় সূত্রে জানা গেছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুরু থেকেই বিজয়ের দলকে সমর্থনের পক্ষে ছিলেন। যদিও দলের সভাপতি চেয়েছিলেন স্থানীয় নেতৃত্বের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হোক। পরে গভীর রাতে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

ক্ষমতা ভাগাভাগির আলোচনায় কংগ্রেস বিজয়ের নেতৃত্বাধীন সরকারে দুটি মন্ত্রীর পদ প্রত্যাশা করছে বলে জানা গেছে। এ লক্ষ্যে দলের একাধিক নেতা নিয়মিত যোগাযোগ রাখছেন বিজয়ের দলের সঙ্গে।

তবে সমর্থনের ক্ষেত্রে কংগ্রেস একটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে— বিজয়ের দল কোনোভাবেই জাতীয় গণতান্ত্রিক জোট বা আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম এবং তাদের মিত্রদের সঙ্গে জোট করতে পারবে না।

খুব শিগগিরই রাজ্যপালের কাছে আনুষ্ঠানিক সমর্থনপত্র জমা দেওয়া হতে পারে, যা বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পথ আরও সহজ করবে।

এদিকে, কংগ্রেসের এই সিদ্ধান্তকে বড় ধরনের রাজনৈতিক ভাঙনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। দীর্ঘদিনের কংগ্রেস-ডিএমকে জোট কার্যত ভেঙে গেছে বলেই ধারণা করা হচ্ছে।

ডিএমকের এক মুখপাত্র কংগ্রেসের এই পদক্ষেপকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে উল্লেখ করে বলেন, তাদের সমর্থন ছাড়া কংগ্রেস এত আসন পেত না।

তামিলনাড়ুর ২৩৪ সদস্যের বিধানসভায় বিজয়ের দল পেয়েছে ১০৮টি আসন, যা এককভাবে সরকার গঠনের জন্য যথেষ্ট ছিল না। তবে কংগ্রেসের সমর্থন পাওয়ায় এখন তারা স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। পাশাপাশি ছোট কয়েকটি দলের সমর্থনও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সরকার গঠনের জন্য বিজয়কে আনুষ্ঠানিকভাবে দাবি জানাতে হবে। এরপরই তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন।

নির্বাচনের পর দেওয়া এক বার্তায় বিজয় তার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে দল আজকের অবস্থানে এসেছে। জনগণের ভরসাই তাদের এগিয়ে নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495