ইরান সংকট দ্রুত সমাধানের আশা ট্রাম্পের, চলছে সমঝোতা চেষ্টাও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৬:৩৭ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত খুব দ্রুতই শেষ হবে বলে তিনি মনে করছেন। একই সঙ্গে হরমুজ প্রণালি অবরোধ ও তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলাবস্থা কাটাতে সমঝোতার প্রচেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, নিজ দলের সমর্থকদের সঙ্গে ফোনালাপে ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে বোঝা যাবে গুরুত্বপূর্ণ কারণেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।
ট্রাম্প আরও দাবি করেন, অধিকাংশ মানুষ বিষয়টি বুঝতে পারছে এবং তারা মনে করছে যে গৃহীত পদক্ষেপ সঠিক। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব দ্রুতই এ সংকটের সমাধান হবে।
তথ্যসূত্র: আল-জাজিরা