তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, আজ শপথ হচ্ছে না থালাপতি বিজয়ের

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৬:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে অভিনেতা থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলগা ভেট্রি কাজাগাম। তবে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠন নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। ফলে মুখ্যমন্ত্রী হিসেবে আজ আর শপথ নিচ্ছেন না বিজয়।

২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। সেখানে তামিলগা ভেট্রি কাজাগাম পেয়েছে ১০৮টি আসন। পরে কংগ্রেসের সমর্থন পাওয়ায় দলটির আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১৩-এ। তবুও সরকার গঠনের জন্য আরও অন্তত পাঁচজন বিধায়কের সমর্থন প্রয়োজন।

এর আগে জোর গুঞ্জন ছিল, বৃহস্পতিবারই নতুন সরকার গঠন হতে পারে এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন থালাপতি বিজয়। কিন্তু প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না হওয়ায় সেই সম্ভাবনা আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার দুপুরে তামিলনাড়ু লোকভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করেন বিজয়। এ সময় তিনি সরকার গঠনের দাবি জানান। তবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংশয় প্রকাশ করেন রাজ্যপাল। ফলে এখনো শপথ গ্রহণের অনুমতি মেলেনি।

এদিকে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে তামিলগা ভেট্রি কাজাগাম। কংগ্রেসের সমর্থন পেলেও এখনো জাদু সংখ্যায় পৌঁছাতে পারেনি দলটি। এজন্য সিপিআই, সিপিএমসহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তামিলনাড়ুর বর্তমান অচলাবস্থা কাটাতে আরও সমঝোতা ও রাজনৈতিক আলোচনার প্রয়োজন হতে পারে। ফলে থালাপতি বিজয়ের শপথ কবে হবে, তা এখনো স্পষ্ট নয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495