নাটকীয়তার অবসান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:৫০ পিএম
তামিলনাড়ুতে টানা চার দিনের রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা ও তামিলাগা ভেট্টি কাজগাম দলের প্রধান থালাপতি বিজয়।
শনিবার রাজ্যের গভর্নর আর ভি আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানান তিনি। এ সময় তিনি ১২০ জন বিধায়কের সমর্থনপত্র জমা দেন এবং সরকার গঠনের প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার বিকেল ৩টা ১৫ মিনিটে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন থালাপতি বিজয়। ইতোমধ্যে দলীয়ভাবে জোর প্রস্তুতি চলছে।
অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বিজয়ের সম্ভাব্য মুখ্যমন্ত্রীত্ব ঘিরে রাজ্যজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে। দলীয় নেতাকর্মী ও ভক্তরা রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
রাজ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসনের সমর্থন হলেও স্থানীয় রাজনৈতিক দল ভিসিকে এবং আই ইউ এম এল-এর সমর্থনে তামিলাগা ভেট্টি কাজগাম সেই সংখ্যার বেশি সমর্থন অর্জন করেছে। ফলে সরকার গঠনের পথে আর কোনো বড় বাধা নেই বলে মনে করা হচ্ছে।
এদিকে গভর্নরের বাসভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে বিপুল সমর্থকের ভিড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ভিসিকে সভাপতি থল থিরুমাভালাভান জানিয়েছেন, তারা নিঃশর্ত সমর্থন দিয়েছেন যাতে সরকার গঠনে কোনো জটিলতা না থাকে এবং রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি এড়ানো যায়।
তিনি আরও বলেন, এই সমর্থন শুধুমাত্র সরকার গঠনের স্বার্থে দেওয়া হয়েছে, এর সঙ্গে কোনো শর্ত যুক্ত নেই।