লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৩৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৫:৩৫ পিএম
লেবাননে আবারও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে পৃথক হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববার (১০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলীয় শহর সাকসাকিয়েহে ইসরায়েলের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন, যাদের মধ্যে তিন শিশু রয়েছে।
এদিকে আইডিএফ জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। একই সঙ্গে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতির বিষয়েও তারা অবগত রয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।
এর আগে গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও দুই পক্ষের সংঘাত থামেনি। বরং ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।
ইসরায়েলি বাহিনীর দাবি, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ-সংশ্লিষ্ট অবকাঠামো ও সদস্যদের লক্ষ্যবস্তু করেই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ ইরান-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী ও রাজনৈতিক দল।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, শনিবার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিশেষ করে সাকসাকিয়েহে একাধিক হামলা চালায় ইসরায়েল।
অন্যদিকে নাবাতিয়েহ এলাকায় মোটরসাইকেলে চালানো আরেক হামলায় এক সিরীয় নাগরিক ও তার ১২ বছর বয়সী মেয়ে আহত হন। পরে দ্বিতীয় দফা হামলায় ওই বাবা নিহত হন বলে দাবি করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অভিযোগ, পরবর্তীতে ড্রোন থেকে সরাসরি মেয়েটিকেও লক্ষ্য করে হামলা চালানো হয়।
এদিকে হিজবুল্লাহও উত্তর ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে। এতে তিনজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে দেশজুড়ে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ১২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে কতজন যোদ্ধা এবং কতজন বেসামরিক নাগরিক, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।