ইরান আলোচনা ভেস্তে গেলে ‘প্রজেক্ট ফ্রিডম প্লাস’ চালুর হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৫:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে ইরানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ‘ভিন্ন পথে’ এগোবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আলোচনা সফল না হলে তার প্রশাসন ‘প্রজেক্ট ফ্রিডম প্লাস’ নামে নতুন উদ্যোগ শুরু করতে পারে।

শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, সব কিছু পরিকল্পনা অনুযায়ী না চললে যুক্তরাষ্ট্র আবারও ‘প্রজেক্ট ফ্রিডম’ কার্যক্রমে ফিরতে পারে। তবে এবার সেটি হবে ‘প্রজেক্ট ফ্রিডম প্লাস’, যেখানে আগের পরিকল্পনার সঙ্গে আরও কিছু পদক্ষেপ যুক্ত করা হবে।

যদিও অতিরিক্ত পদক্ষেপগুলো কী হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

গত ৩ মে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নৌ অভিযান ঘোষণা করেছিলেন ট্রাম্প। ওই অভিযানের মূল লক্ষ্য ছিল হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করা।

তবে পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনায় অগ্রগতির ইঙ্গিত পাওয়ায় ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই অভিযানটি স্থগিত করা হয়।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হতে পারে।

তবে আলোচনার কাঠামো, প্রতিনিধিদলের পর্যায় এবং আলোচ্যসূচি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495