৬০ বছরের ইতিহাস ভেঙে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৬:০৮ পিএম
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া চন্দ্রশেখর জোসেফ বিজয়, যিনি থালাপতি বিজয় নামেই বেশি পরিচিত। রোববার সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার শপথগ্রহণ অনুষ্ঠান।
৫১ বছর বয়সী বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলাগা ভেট্রি কাজাগাম সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টিতে জয় পায়। তবে এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না থাকায় শপথগ্রহণ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এ পরিস্থিতিতে টানা পাঁচ দিন বিভিন্ন দলের সঙ্গে আলোচনা এবং গভর্নরের সঙ্গে চার দফা বৈঠক করেন তিনি।
শেষ পর্যন্ত কংগ্রেসের পাঁচজন, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির দুজন, ভারতের কমিউনিস্ট পার্টি ও ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) দুইজন এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের দুই বিধায়কের সমর্থন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেন থালাপতি বিজয়।
দুই আসন থেকে নির্বাচিত হওয়ায় একটি আসন ছাড়তে হবে তাকে। এরপরও তার জোটের সদস্য সংখ্যা থাকবে ১২০ জন।
এই সরকারের মাধ্যমে প্রায় ৬০ বছর পর তামিলনাড়ুতে ডিএমকে ও এআইএডিএমকের বাইরে অন্য কোনো রাজনৈতিক দলের সরকার গঠিত হলো।