বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ ও মাদক নির্মূলের ঘোষণা বিজয়ের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৭:০০ পিএম
শপথ গ্রহণের প্রথম দিনেই একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনায় স্বাক্ষর করেছেন তামিল অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয় থালাপতি। এর মধ্যে রয়েছে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ, মাদকবিরোধী কঠোর পদক্ষেপ এবং নারীদের নিরাপত্তা জোরদারের উদ্যোগ।
রোববার (১০ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
শপথ নেওয়ার পর ভাষণে বিজয় তামিল ভাষার একটি পরিচিত বাক্য দিয়ে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, “এন নেনজিল কুদিয়িরুকুম”, যার অর্থ “যিনি আমার হৃদয়ে বাস করেন”। অতীতেও তিনি তার ভক্তদের উদ্দেশে এই বাক্য ব্যবহার করেছেন।
মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম নির্দেশনায় তিনি ঘোষণা দেন, ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি মাদক সমস্যা মোকাবিলায় একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনী ও হেল্পলাইন চালু করা হবে।
তিনি আরও জানান, শিক্ষা, স্বাস্থ্য ও বিশুদ্ধ পানীয় জলের মতো মৌলিক খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে কৃষক ও মৎস্যজীবীদের কল্যাণেও কাজ করার আশ্বাস দেন তিনি।
বিজয় থালাপতি বলেন, তিনি একজন সহকারী পরিচালকের সন্তান থেকে আজ মুখ্যমন্ত্রী হয়েছেন। দারিদ্র্য ও ক্ষুধার অভিজ্ঞতা তার জীবনে রয়েছে। তিনি কোনো রাজপরিবার থেকে আসেননি এবং বহু কষ্ট ও অপমান সহ্য করেছেন। তিনি নিজেকে জনগণের সন্তান ও ভাই হিসেবে উল্লেখ করে বলেন, জনগণ তাকে হৃদয়ে জায়গা দিয়েছে।
মিথ্যা প্রতিশ্রুতি না দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ডিএমকে রাজ্যের কোষাগার প্রায় শূন্য করে দিয়েছে এবং বর্তমানে রাজ্য প্রায় ১০ লাখ কোটি রুপি ঋণের মধ্যে রয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন জনগণের অর্থের অপব্যবহার হতে দেবেন না এবং রাজ্যকে লুটপাট থেকে রক্ষা করবেন।
তিনি নতুন যুগের “বাস্তব, ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়ের” প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রবীন চক্রবর্তী, বাম নেতা এম এ বেবি এবং জোটসঙ্গীদের ধন্যবাদ জানান।