বট বাহিনী দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্ক ভাঙছে পাকিস্তান: নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৬, ১০:১৩ এএম
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক দুর্বল করতে পাকিস্তান গোপনে ‘ছায়া অভিযান’ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গত ১০ মে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।
নেতানিয়াহুর ভাষ্য, পাকিস্তানসহ কয়েকটি দেশ বট ফার্ম ও ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ব্যবহার করে সমন্বিত তথ্যযুদ্ধ চালাচ্ছে। এর উদ্দেশ্য হলো ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্ক দুর্বল করে ইসরাইলের প্রতি মার্কিন জনসমর্থন কমিয়ে দেওয়া।
তিনি এই পরিস্থিতিকে চলমান সামরিক সংঘাতের পাশাপাশি আরেকটি ‘গোপন ডিজিটাল যুদ্ধক্ষেত্র’ হিসেবে উল্লেখ করেন।
তরুণ মার্কিন নাগরিকদের মধ্যে ইসরাইলবিরোধী মনোভাব বাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নেতানিয়াহু বলেন, কিছু দেশ সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম প্রচারণা চালিয়ে জনমত প্রভাবিত করছে।
তিনি উদাহরণ দিয়ে বলেন, অনেক সময় এমন বার্তা ছড়ানো হচ্ছে যেখানে দাবি করা হয়— একজন টেক্সাসের বাসিন্দা ইসরাইলের সমর্থন থেকে সরে এসেছেন। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, ওই বার্তার উৎস পাকিস্তানের কোনো বেসমেন্ট।
নেতানিয়াহুর দাবি, এটি বৃহৎ তথ্যযুদ্ধের অংশ। তার মতে, ইসরাইল বিভিন্ন সামরিক ফ্রন্টে লড়াই করলেও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের যুদ্ধক্ষেত্রে দেশটি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।
উল্লেখ্য, পাকিস্তানের সঙ্গে ইসরাইলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। গাজায় ইসরাইলি হামলা ও ইরানে সাম্প্রতিক সামরিক অভিযানের ঘটনায় শুরু থেকেই কড়া সমালোচনা করে আসছে ইসলামাবাদ। এমন পরিস্থিতিতেই পাকিস্তানের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ তুললেন নেতানিয়াহু।