‘অন্নপূর্ণা ভাণ্ডার’ চালুর ঘোষণা শুভেন্দুর, মাসে নারীরা পাবেন ৩ হাজার টাকা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৬, ১০:২৫ এএম
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নারীদের জন্য নতুন আর্থিক সহায়তা কর্মসূচি ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ চালুর ঘোষণা দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। আগামী ১ জুন থেকে এ প্রকল্পের আওতায় নারীদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। একই দিনে সরকারি বাসে নারীদের জন্য বিনামূল্যে যাতায়াত সুবিধাও চালু করা হবে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর এ ঘোষণা আসে। নির্বাচনী প্রচারণার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বিজেপি।
বিজেপির জয়ী প্রার্থী সঞ্জয় সিং জানিয়েছেন, বর্তমানে যারা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারাই নতুন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হবেন। তবে ভুয়া বা অনুপযুক্ত সুবিধাভোগীদের শনাক্ত করতে যাচাই-বাছাই করা হবে। তার দাবি, অনেক প্রকৃত উপকারভোগী এখনো বঞ্চিত রয়েছেন, আবার কেউ কেউ অনিয়মের মাধ্যমে সুবিধা নিচ্ছেন। এসব বিষয় খতিয়ে দেখা হবে।
এ বিষয়ে রাজ্যের নতুন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর বর্তমান সুবিধাভোগীদের সবাই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর সুবিধা পাবেন। সব অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে মৃত ব্যক্তি, নাগরিকত্বহীন ব্যক্তি বা অনিয়মের মাধ্যমে সুবিধা পাওয়া ব্যক্তিদের তালিকা যাচাইয়ের পর অর্থ বিতরণ করা হবে।
জানা গেছে, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধাভোগীরাই স্বয়ংক্রিয়ভাবে নতুন প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন। ভবিষ্যতে অতিরিক্ত তথ্য বা নথির প্রয়োজন হলে সরকার আলাদাভাবে জানাবে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নারীদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালুর ঘোষণা দেন। পরে ক্ষমতায় এসে তা বাস্তবায়নও করেন। শুরুতে মাসে ৫০০ টাকা দেওয়া হলেও পরে ধাপে ধাপে সেই ভাতার পরিমাণ বাড়ানো হয়। সর্বশেষ তফসিলি ও আদিবাসী সম্প্রদায়ের নারীরা মাসে ১ হাজার ৭০০ টাকা পর্যন্ত পেতেন।
তবে ২০২৬ সালের নির্বাচনে ওই প্রকল্পকে রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে আনে বিজেপি। নির্বাচনী ইশতেহারে নারীদের মাসে ৩ হাজার টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেয় দলটি। সরকার গঠনের পর এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো।