দায়িত্ব নিয়ে ৭১৭ মদের দোকান বন্ধ করলেন মুখ্যমন্ত্রী বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ১১:২৩ এএম

ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয় রাজ্যজুড়ে উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি রাষ্ট্র পরিচালিত মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রাজ্যের রাষ্ট্রীয় মদ বিপণন করপোরেশন টাসম্যাক পরিচালিত এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে বলে নির্দেশনায় বলা হয়েছে। গত মাসের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়া ক্ষমতাসীন দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর নেতা থালাপতি বিজয়ের সরকারের এটি প্রথম বড় সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

সরকার গঠনের ক্ষেত্রে শুরুতে সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও কংগ্রেস, দুটি বাম দল এবং ছোট আঞ্চলিক দল বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির সমর্থনে শেষ পর্যন্ত সরকার গঠন করে টিভিকে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সাধারণ মানুষের কল্যাণ বিবেচনায় নিয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন—উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি খুচরা মদের দোকান দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে।

বর্তমানে তামিলনাড়ুতে টাসম্যাকের পরিচালনায় মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। এর মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত।

রাজ্যের আয়ের বড় অংশ আসে মদ বিক্রি থেকে। ২০২৫ সালে শুধু মদ বিক্রি থেকেই রাজ্যের আয় হয়েছে ৪৮ হাজার কোটি রুপির বেশি। তবে এই সিদ্ধান্তকে ‘মাদকমুক্ত তামিলনাড়ু’ গড়ার প্রতিশ্রুতির প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে টাসম্যাক নিয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অর্থপাচারের অভিযোগে তদন্ত চালায়। গত মার্চে সংস্থাটি দাবি করে, টাসম্যাক কার্যক্রমে প্রায় ১ হাজার কোটি রুপির হিসাববহির্ভূত অর্থের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি অতিরিক্ত অর্থ আদায় ও দরপত্রে অনিয়মের অভিযোগও আনা হয়।

তৎকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছিল। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং ফেডারেল কাঠামো নিয়ে প্রশ্ন ওঠে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495