এক চোখের দৃষ্টি হারিয়েছেন কারাবন্দি ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ১০:১২ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে নির্যাতনের শিকার হয়ে এক চোখের দৃষ্টি হারিয়েছেন বলে অভিযোগ করেছেন সালমান আকরাম রাজা। বুধবার ইসলামাবাদে সুপ্রিম কোর্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

সালমান আকরাম রাজা বলেন, প্রায় এক হাজার দিন ধরে কারাবন্দি রয়েছেন ইমরান খান। এ সময় তাকে মৌলিক অধিকার থেকেও বঞ্চিত রাখা হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

এর আগে গত ২৮ এপ্রিল পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে ইমরান খানকে চোখে চতুর্থবারের মতো ইনট্রাভিট্রিয়াল ইনজেকশন দেওয়া হয়।

পিটিআই মহাসচিবের অভিযোগ, কারাগারে ইমরান খানের স্বাস্থ্য পরিস্থিতি গুরুতর ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি তার স্ত্রী বুশরা বিবি ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতেও নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও অনেককে দেখা করতে দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

সুপ্রিম কোর্টে জমা দেওয়া এক প্রতিবেদনে ইমরান খানের আইনজীবী ও আদালতের অ্যামিকাস কিউরি সালমান সাফদার জানান, ইমরান খান ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন’ রোগে আক্রান্ত। এ রোগে রেটিনার প্রধান শিরায় রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল ও হৃদরোগের সঙ্গে এ রোগের সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া ইমরান খানের আইনগত নথিতে স্বাক্ষর করতেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন সালমান আকরাম রাজা। তার দাবি, কেবল নির্দিষ্ট কয়েকজনকে সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে, এমনকি ইমরান খানের বোনদেরও দেখা করতে দেওয়া হচ্ছে না।

দেশটির সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, পাকিস্তানের অর্থনীতি ধ্বংসের মুখে এবং খাইবার পাখতুনখোয়া সহিংসতায় বিপর্যস্ত হয়ে পড়েছে। একই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার অভিযোগও তোলেন তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495