ট্রাম্প-শি বৈঠকের পর তাইওয়ান ইস্যুতে কড়া বার্তা দিল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬:০২ পিএম
চীন সফর শেষে তাইওয়ান ইস্যুতে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি বলেন, তাইওয়ানের স্বাধীনতা ঘোষণা সমর্থনযোগ্য নয় এবং এমন পদক্ষেপ এশিয়া অঞ্চলে সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে।
বেইজিংয়ে দুই দিনের শীর্ষ বৈঠক শেষে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, কোনো পক্ষের স্বাধীনতা ঘোষণাকে তিনি সমর্থন করেন না। একই সঙ্গে তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতিতে পরিবর্তন আসেনি বলেও উল্লেখ করেন তিনি।
তাইওয়ানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চলছে। বেইজিং স্বশাসিত দ্বীপটিকে নিজেদের অংশ দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারিও দিয়ে থাকে। অন্যদিকে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের স্বাধীনতার পক্ষে না থাকলেও দেশটির সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ও অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি কোনো যুদ্ধ পরিস্থিতি চান না। তার ভাষ্য, সংঘাতে জড়াতে হলে যুক্তরাষ্ট্রকে হাজার হাজার মাইল দূরে যেতে হবে। তাই তিনি অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন।
চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৈঠকে শি জিনপিং সতর্ক করে বলেছেন, তাইওয়ান ইস্যু সঠিকভাবে মোকাবিলা না করা হলে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা তৈরি হতে পারে।
সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের আশপাশে সামরিক মহড়া বাড়িয়েছে চীন। এতে পুরো অঞ্চলজুড়ে উত্তেজনাও বৃদ্ধি পেয়েছে।
এর আগে ট্রাম্প প্রশাসন তাইওয়ানের কাছে বড় ধরনের অস্ত্র বিক্রির পরিকল্পনার কথা জানিয়েছিল। এতে উন্নত রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকতে পারে বলে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য যুদ্ধ নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা। তাইওয়ান ইস্যুতে ভবিষ্যৎ অবস্থান নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
এদিকে তাইওয়ান সরকার জানিয়েছে, ট্রাম্প-শি বৈঠক ও পরবর্তী বক্তব্য তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে আঞ্চলিক স্থিতিশীলতা ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।