যুক্তরাষ্ট্রের ওপর ইরানের কোনো আস্থা নেই: আব্বাস আরাগচি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬:৪৫ পিএম
যুক্তরাষ্ট্রের ওপর কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ওয়াশিংটন আন্তরিকতার প্রমাণ দেখালেই কেবল তেহরান আলোচনায় আগ্রহী হবে। বর্তমানে যুদ্ধ অবসান ও স্থায়ী সমঝোতা নিয়ে আলোচনা কার্যত স্থবির অবস্থায় রয়েছে।
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশ নিতে অবস্থানকালে শুক্রবার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আরাগচি জানান, ইরানের সঙ্গে যুদ্ধে জড়িত নয় এমন জাহাজগুলো হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, তবে সেক্ষেত্রে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।
তিনি আরও বলেন, বৈশ্বিক জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পরিস্থিতি এখনো অত্যন্ত জটিল অবস্থায় রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করকে তিনি অবহিত করেছেন যে, হরমুজ প্রণালির নিরাপত্তা রক্ষায় ইরান সবসময় তাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করে আসছে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর হরমুজ প্রণালিতে অধিকাংশ জাহাজ চলাচল সীমিত করে তেহরান। বিশ্বের তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গত মাসে যুদ্ধবিরতি হলেও স্থায়ী শান্তি চুক্তি নিয়ে অচলাবস্থা কাটেনি। গত সপ্তাহে উভয় পক্ষ একে অপরের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করার পর পাকিস্তানের মধ্যস্থতায় চলা আলোচনা স্থগিত হয়ে যায়।
আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী বার্তা ইরানিদের মনে ওয়াশিংটনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি করেছে। তবে পাকিস্তানের মধ্যস্থতা পুরোপুরি ব্যর্থ হয়নি বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষায়, আলোচনা বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
গত ১৩ মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার কারণে তেহরানের সঙ্গে আগের দুই দফা আলোচনা বাধাগ্রস্ত হয়েছিল বলেও জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কূটনীতিকে সুযোগ দিতে ইরান যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা করছে, তবে প্রয়োজন হলে আবারও সংঘাতে ফিরতে প্রস্তুত রয়েছে।
দুই পক্ষের আলোচনায় প্রধান বাধা হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ প্রশ্ন সামনে এসেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের প্রতি তার ধৈর্য কমে আসছে এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় তিনি একমত হয়েছেন যে, হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়া প্রয়োজন।
চীনের মধ্যস্থতা নিয়ে প্রশ্ন করা হলে আব্বাস আরাগচি বলেন, সহায়তা করতে সক্ষম যেকোনো দেশের উদ্যোগকে স্বাগত জানাবে ইরান। তিনি আরও বলেন, চীনের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক অত্যন্ত ভালো এবং তারা জানে চীনের উদ্দেশ্য সৎ।
তিনি জানান, আলোচনায় অগ্রগতি হলে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক জাহাজ চলাচল পুনরুদ্ধারের প্রক্রিয়া আরও দ্রুত করা সম্ভব হবে।