চীনের দেয়া সব উপহার ফেলে দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৭:০৫ পিএম
চীন সফর শেষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা চীনা কর্মকর্তাদের দেওয়া সব ধরনের উপহার ফেলে দিয়েছেন বলে জানা গেছে। এসব সামগ্রীর মধ্যে পরিচয়পত্র, বার্নার ফোন এবং বিশেষ ধরনের পিনও ছিল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে প্রতিনিধি দলের সদস্যদের কাছ থেকে এসব উপহার সংগ্রহ করে একটি বর্জ্য পাত্রে ফেলে দেওয়া হয়। চীনা কর্মকর্তাদের দেওয়া কোনো সামগ্রীই বিমানে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি।
শুক্রবার বেইজিং থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন ডোনাল্ড ট্রাম্প। বিদায়ের সময় উপস্থিত ছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময় স্কুলশিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা নেড়ে ট্রাম্পকে বিদায় জানায়। বিমানে ওঠার আগে তিনি মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে সমর্থকদের উদ্দেশে ইশারা করেন।
তিন দিনের এই সফরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে দুই নেতা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার বিষয়ে একমত হন। পাশাপাশি হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।
তবে সফর শেষে বড় কোনো বাণিজ্যিক অগ্রগতি বা ইরান ইস্যুতে চীনের সুনির্দিষ্ট সহযোগিতার ঘোষণা আসেনি বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এছাড়া তাইওয়ান ইস্যুতেও বৈঠকের আড়ালে সতর্ক বার্তা দিয়েছেন শি জিনপিং।
এদিকে প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী ২০ মে ভ্লাদিমির পুতিন চীন সফরে যেতে পারেন। যদিও চীন ও রাশিয়া এখনো আনুষ্ঠানিকভাবে সফরের তারিখ নিশ্চিত করেনি।