ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১১:৫৩ এএম
ভারতের রাজস্থানে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনে চলন্ত অবস্থায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রেনটির একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে হঠাৎ আগুন ধরে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, রোববার (১৭ মে) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে এই আগুনের ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার সময় বি-১ নম্বর বগিতে মোট ৬৮ জন যাত্রী ছিলেন। ভোর ৫টা ১৫ মিনিটে কোটা ও বিক্রমগড় আলোট স্টেশনের মাঝামাঝি এলাকায় ট্রেনটির ওই বগিতে আগুন ধরে যায়।
তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। আগুন লাগার আগেই সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত আক্রান্ত বগিটিকে অন্য বগি থেকে আলাদা করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা গেছে, বগিটি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং পাশের এলাকায় কিছু গাছেও আগুন ছড়িয়ে পড়ে।
পরে যাত্রীদের অন্য বগিতে স্থানান্তর করা হয় এবং নিকটবর্তী কোটা স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের জন্য বিকল্প পরিবহনের ব্যবস্থা করার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
রাজধানী এক্সপ্রেস ট্রেনটি ১২৪৩১ নম্বর হিসেবে গত শুক্রবার কেরালার তিরুবনন্তপুরম থেকে যাত্রা শুরু করে। এটি দিল্লির নিজামউদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল দুপুর ১২টা ৩০ মিনিটে। দুর্ঘটনার সময় ট্রেনটি রাজধানী দিল্লি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে অবস্থান করছিল এবং ইতোমধ্যে প্রায় ২৬০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল।