‘ছয় মাসও টিকবে না থালাপতি বিজয়ের সরকার’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:৪৯ পিএম
ভারতের তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন নতুন প্রশাসন ছয় মাসও টিকবে না বলে কড়া মন্তব্য করেছেন দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (ডিএমকে) নেতা অনিথা রাধাকৃষ্ণন।
রোববার (১৭ মে) দক্ষিণ তামিলনাড়ুতে আয়োজিত এক রাজনৈতিক সভায় তিনি এ মন্তব্য করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) ১০৭টি আসন নিয়ে এককভাবে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে অবস্থান করছে। তাদের জোটসঙ্গী কংগ্রেসের রয়েছে আরও পাঁচটি আসন। অন্যদিকে ডিএমকের মিত্র চারটি দলের প্রত্যেকটির রয়েছে দুটি করে আসন।
এই অবস্থায় টিভিকে মিত্রদের সমর্থনে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে।
অনুষ্ঠানে অনিথা রাধাকৃষ্ণন টিভিকে নেতা আধব অর্জুনকে প্রকাশ্য রাজনৈতিক চ্যালেঞ্জ জানান। তিনি বলেন, সাহস থাকলে আধব অর্জুন যেন নিজের বিধায়ক পদ ছেড়ে তিরুচেন্দুরে এসে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার যেকোনো সময় ভেঙে পড়তে পারে, তাই দলকে এখন থেকেই নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, আগামী লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচনও হতে পারে।
রাধাকৃষ্ণন দলকে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আধুনিক রাজনৈতিক লড়াই এখন অনলাইন প্ল্যাটফর্মে নির্ধারিত হচ্ছে।
তবে টিভিকে সূত্র জানিয়েছে, তারা এ ধরনের মন্তব্য নিয়ে চিন্তিত নয় এবং পূর্ণ মেয়াদ সরকার টিকিয়ে রাখার মতো সংখ্যাগরিষ্ঠতা তাদের রয়েছে বলে তারা আত্মবিশ্বাসী।