কোরবানির ঈদে ছুটি কমিয়ে ১ দিন করলো পশ্চিমবঙ্গ সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৫:৫০ পিএম
কোরবানির ঈদ উপলক্ষে সরকারি ছুটির সংখ্যা কমিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। নতুন ঘোষণায় জানানো হয়েছে, এবার ঈদে দুই দিনের পরিবর্তে একদিন সরকারি ছুটি থাকবে।
শনিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার জানায়, আগে ঘোষিত ছুটির তালিকায় ২৬ ও ২৭ মে দুই দিনের ছুটি নির্ধারিত থাকলেও সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ মে একদিনের ছুটি কার্যকর থাকবে।
রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সরকারের ছুটির তালিকার সঙ্গে সামঞ্জস্য রাখতেই এ পরিবর্তন আনা হয়েছে।
প্রশাসনিক সূত্রগুলো জানিয়েছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি দপ্তরে শৃঙ্খলা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন দপ্তরে কাজের গতি বাড়াতে কর্মীদের হাজিরা ও প্রশাসনিক শৃঙ্খলায় কড়াকড়িও আরোপ করা হয়েছে।
এদিকে ঈদের ছুটি কমানোর সিদ্ধান্তে সরকারি কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, ভবিষ্যতে অন্যান্য দীর্ঘ ছুটির ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্ত আসতে পারে।