ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে ৩ দেশের সঙ্গে যোগাযোগ করল কাতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৬:১৮ পিএম
ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা কমাতে তুরস্ক, সৌদি আরব ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ।
শুক্রবার মধ্যরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সালের সঙ্গে আলোচনায় আঞ্চলিক সংকট শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এছাড়া মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে আরও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে এই যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, পাকিস্তানের নেতৃত্বে চলমান যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা উদ্যোগকে সমর্থন দিতে কাতারের একটি প্রতিনিধি দল বর্তমানে তেহরানে অবস্থান করছে।
বিশ্লেষকদের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কাতার, সৌদি আরব, তুরস্ক ও জর্ডানের সমন্বিত কূটনৈতিক তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।