ভাই সেজে স্ত্রীর বিয়ে দিল স্বামী, ফাঁস হলো চাঞ্চল্যকর প্রতারণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৯:৩৮ পিএম
ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ঘটেছে চাঞ্চল্যকর এক বিয়ের প্রতারণার ঘটনা। নববধূ হিসেবে যাকে বিয়ে দেওয়া হয়েছিল, পরে জানা যায় তিনি আগে থেকেই বিবাহিত। আরও অবাক করা বিষয় হলো, বিয়ের অনুষ্ঠানে কনের ‘ভাই’ পরিচয়ে উপস্থিত ছিলেন ওই নারীর আসল স্বামী।
ঘটনাটি গত ২৭ এপ্রিলের। অভিযোগকারী রতন শর্মা গোয়ালিয়রের নাকা চন্দ্রবাদানি এলাকার বাসিন্দা। তিনি একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে টিম লিডার হিসেবে কর্মরত। পরিবারের পাঁচ ভাইয়ের কারও বিয়ে না হওয়ায় দীর্ঘদিন ধরে উপযুক্ত পাত্রী খুঁজছিল পরিবার।
পরিবারের দাবি, প্রতিবেশী সোনু তিওয়ারির মাধ্যমে তাদের পরিচয় হয় মোরেনার বাসিন্দা সোনু ওরফে অজয় চৌহানের সঙ্গে। তিনি নিজের দরিদ্র পালিত বোন রাধা ওরফে দীক্ষা মুদগলের জন্য পাত্র খুঁজছেন বলে জানান। পরে মেয়ের ছবি ও সাক্ষাৎ দেখে বিয়েতে রাজি হয় বরপক্ষ।
২৭ এপ্রিল বিয়ের আনুষ্ঠানিকতায় ‘ভাই’ পরিচয়ে অংশ নেন সোনু। এরপর ৭ মে হিন্দু রীতিতে বিয়ে সম্পন্ন হয়। অভিযোগ অনুযায়ী, পুরো বিয়েতে প্রায় সাত লাখ রুপি খরচ করে বরপক্ষ।
বিয়ের পর নববধূ শ্বশুরবাড়িতে ওঠেন। তবে সবসময় মোবাইলে ব্যস্ত থাকায় পরিবারের সন্দেহ হয়। একপর্যায়ে রতন শর্মা তার ফোন পরীক্ষা করে হোয়াটসঅ্যাপের কথোপকথনে জানতে পারেন, ‘ভাই’ পরিচয়ে আসা সোনু ওরফে অজয় চৌহান আসলে ওই নারীর স্বামী।
অভিযোগে বলা হয়, দীক্ষা ও সোনু চৌহান ২০২৪ সালে আগ্রার একটি আর্য সমাজ মন্দিরে বিয়ে করেছিলেন এবং স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করছিলেন।
রতন শর্মার দাবি, একটি প্রতারক চক্র পরিকল্পিতভাবে তার পরিবারকে টার্গেট করে নগদ অর্থ ও লাখ লাখ রুপির গয়না হাতিয়ে নিতে এই বিয়ের আয়োজন করে।
ঘটনা প্রকাশ্যে আসার পর নববধূকে থানায় নিয়ে অভিযোগ দায়ের করে পরিবার। পুলিশ রাধা ওরফে দীক্ষা মুদগল, সোনু ওরফে অজয় চৌহান, মায়া দেবী, শিল্পি পারমার, রাঘবেন্দ্র পারমার, সত্যেন্দ্র চৌহান ও সোনু তিওয়ারির বিরুদ্ধে মামলা করেছে।
ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত নারীকে একটি ওয়ান-স্টপ সেন্টারে পাঠানো হয়েছে। ইতোমধ্যে সোনু চৌহানকে আটক করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।