হজ আইন ভঙ্গের অভিযোগে সৌদিতে বাংলাদেশিসহ ১৩ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১০:১৭ পিএম

ছবি: সংগৃহীত

হজের নির্ধারিত নিয়ম ও আইন ভঙ্গের অভিযোগে বাংলাদেশিসহ ১৩ জনকে আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে ১২ জন প্রবাসী এবং একজন সৌদি নাগরিক রয়েছেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রথম অভিযানে মক্কার দুর্গম পাহাড়ি পথ ও উপত্যকা ব্যবহার করে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় পাঁচ তুর্কি নাগরিককে আটক করা হয়। তাদের কারও কাছেই বৈধ হজ পারমিট ছিল না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

দ্বিতীয় অভিযানে মক্কার নিরাপত্তা টহল দল ভারত ও বাংলাদেশের চার প্রবাসীকে গ্রেপ্তার করে। অভিযোগ রয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া হজ বিজ্ঞাপন প্রচার করে প্রতারণা চালাচ্ছিলেন। এ সময় তাদের কাছ থেকে জাল কার্ড, ভুয়া কাগজপত্র এবং প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

অন্যদিকে তৃতীয় অভিযানে তিন আফগান নাগরিককে অবৈধভাবে মক্কায় প্রবেশ করানোর চেষ্টা করার সময় এক সৌদি নাগরিককে আটক করা হয়। আটক আফগান নাগরিকদের কাছেও কোনো বৈধ হজ অনুমতিপত্র ছিল না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হাজিদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হজের সব নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। আইন লঙ্ঘনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেছে তারা।

এ ছাড়া সন্দেহজনক কোনো কর্মকাণ্ড নজরে এলে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495