ইউক্রেইনে রাশিয়ার তুমুল হামলা, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৭:২৮ পিএম

ছবি: সংগৃহীত

ইউক্রেইনের রাজধানী কিইভসহ বিভিন্ন শহরে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১১ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে চালানো এ হামলায় আবাসিক ভবন ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেইনের কর্তৃপক্ষ জানিয়েছে, কিইভে রাতভর হামলায় চারজন নিহত এবং শিশুসহ অন্তত ৬৫ জন আহত হয়েছেন। শহরের মেয়র ভিতালি ক্লিচকো জানান, ক্ষেপণাস্ত্রের আঘাতে ২৪ তলা একটি ভবনের অংশবিশেষ ধসে পড়েছে। এছাড়া ধ্বংসাবশেষের আঘাতে নয় তলা একটি আবাসিক ভবনে আগুন ধরে যায়।

হামলার পর রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ ও ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। নিরাপত্তার জন্য হাজার হাজার মানুষ কিইভের ভূগর্ভস্থ রেলস্টেশনগুলোতে আশ্রয় নেন।

অন্যদিকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রো অঞ্চলেও ব্যাপক হামলা চালানো হয়। আঞ্চলিক গভর্নর ওলেকজান্দার হানজা জানিয়েছেন, সেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সাতজন নিহত এবং আরও ৩৬ জন আহত হয়েছেন।

ইউক্রেইনের বিমান বাহিনীর দাবি, রাতভর রাশিয়া ৬৫৬টি ড্রোন ও ৭৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার অধিকাংশই কিইভকে লক্ষ্য করে ছোড়া হয়। এর মধ্যে ৬০২টি ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত বা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

বিমান বাহিনীর এক মুখপাত্র বলেন, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের মধ্যে আটটি ছিল জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা শব্দের গতির চেয়ে প্রায় নয় গুণ বেশি গতিতে চলতে সক্ষম।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা দূরপাল্লার নির্ভুল আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করে ইউক্রেইনের প্রতিরক্ষা শিল্প-সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে।

চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে উভয় পক্ষই একে অপরের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। তবে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ উভয় দেশই অস্বীকার করে আসছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495