ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করল জার্মানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১০:১৭ এএম
মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করেছে জার্মানি। জেরুজালেমভিত্তিক এই দলটি স্থানীয় নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ডট।
বুধবার (১২ নভেম্বর) জার্মান গণমাধ্যমের বরাত দিয়ে বার্তাসংস্থা আনাদোলু জানায়, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে চার সদস্যের একটি জার্মান পুলিশ দল ইতোমধ্যে ফিলিস্তিনি এলাকায় কাজ শুরু করেছে।
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ডব্রিন্ডট ডিপিএ সংবাদ সংস্থাকে বলেন, “মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির জন্য কার্যকর একটি পুলিশ বাহিনী অপরিহার্য।” তিনি আরও জানান, ফেডারেল পুলিশের উচ্চপর্যায়ের এই দলটি জেরুজালেমে অবস্থিত অফিস ফর সিকিউরিটি (ওএসসি)-এর অধীনে কাজ করছে এবং ফিলিস্তিনের স্থানীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করবে।
সংবাদ সংস্থার তথ্যমতে, প্রায় দুই সপ্তাহ আগে জার্মানির এই চার সদস্যের দলটি ফিলিস্তিনি ভূখণ্ডে পৌঁছেছে। তাদের মূল দায়িত্ব হলো জার্মানির দীর্ঘদিনের সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিনের বেসামরিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা।
ডব্রিন্ডট বলেন, “গত ১৫ বছর ধরে জার্মান পুলিশ ফিলিস্তিনি বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। নতুন এই মিশন সেই প্রচেষ্টারই ধারাবাহিক অংশ।”