ফিলিস্তিনের ঐতিহাসিক মসজিদ বন্ধ করে দিলো ইসরায়েল, মুসলিমদের ওপর কারফিউ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৪২ এএম
অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ফিলিস্তিনিদের ওপর কারফিউ জারি করেছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে মুসল্লিদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ঐতিহাসিক ইবরাহিমি মসজিদ।
স্থানীয়রা বলছেন, অবৈধ ইসরায়েলি বসতকারীদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
হেবরন ডিফেন্স কমিটির সদস্য আরেফ জাবের জানান, শুক্রবার (১৫ নভেম্বর) সকালেই সেনাবাহিনী শহরের বিভিন্ন পাড়া–মহল্লায় কারফিউ কার্যকর করে। পুরোনো শহরমুখী সব চেকপয়েন্টও বন্ধ করে দেওয়া হয়, ফলে কেউ ভেতরে ঢুকতে বা বাইরে বের হতে পারেননি। এতে অনেক বাসিন্দা নিজ বাড়িতে ফিরতে না পেরে শহরের অন্য এলাকায় রাত কাটাতে বাধ্য হন।
জাবের আরও জানান, শুক্রবার রাতে এবং পরদিন রোববার শত শত অবৈধ বসতকারী ইসরায়েলি সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় পুরোনো শহরে প্রবেশ করে এবং রাস্তায় উত্তেজনাকর মিছিল পরিচালনা করে।
তার দাবি, এসব উদ্যোগ ইসরায়েলের দীর্ঘদিনের সেই পরিকল্পনারই অংশ, যেখানে ইবরাহিমি মসজিদকে ধীরে ধীরে একটি ইহুদি উপাসনালয়ে পরিণত করার চেষ্টা চলছে।