ভারতে বাড়তে থাকা ইসলামবিদ্বেষ নিয়ে বিশ্বকে সতর্ক করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১২:০৫ পিএম

ছবি: সংগৃহীত

ভারতে ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া, ঘৃণামূলক প্রবণতা এবং মুসলিম ঐতিহ্য ধ্বংসের বিষয়ে বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করেছে পাকিস্তান। বিশেষ করে অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় নির্মিত রাম মন্দিরে পতাকা উত্তোলন নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে দেশটি।

মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শতাব্দী প্রাচীন বাবরি মসজিদ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্রবাদী জনতা ভেঙে ফেললেও ভারতের পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় দায়ীদের খালাস দেওয়া হয় এবং সেখানে মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয়—যা দেশটির রাষ্ট্রীয় সংস্থাগুলোর সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিচ্ছবি।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের শীর্ষে গেরুয়া পতাকা উত্তোলন করেছেন, যা মন্দির নির্মাণের আনুষ্ঠানিক সমাপ্তির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেইন আন্দ্রাবি বলেন, ভারতে সংখ্যাগরিষ্ঠতাবাদী হিন্দুত্ববাদী মতাদর্শের প্রভাবে মুসলিম ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের চেষ্টা বাড়ছে। বিভিন্ন ঐতিহাসিক মসজিদ অপবিত্র করার হুমকি বা ভাঙার ঝুঁকিতে রয়েছে। ভারতীয় মুসলিমরা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ক্রমাগত প্রান্তিক হয়ে পড়ছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের ইসলামোফোবিয়া, ঘৃণামূলক বক্তব্য এবং মুসলিমদের ওপর হামলার বিষয়ে সজাগ হতে হবে। পাশাপাশি জাতিসংঘসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে ইসলামী ঐতিহ্য সুরক্ষায় এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

পাকিস্তান ভারতের সরকারকে আহ্বান জানায় যে, আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতা অনুসারে দেশটির সব ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও উপাসনালয়ের সুরক্ষা নিশ্চিত করা উচিত।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495