সংঘাতের ‘একমাত্র’ সমাধান ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা: পোপ লিও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ এএম
ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ লিও চতুর্দশ বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘকাল ধরে চলমান সংঘাতের ‘একমাত্র’ সমাধান হলো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সোমবার (১ ডিসেম্বর) ফরাসি বার্তাসংস্থা এএফপি তাদের প্রতিবেদনে এই খবর জানায়।
পোপ হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে গেছেন তিনি। প্রথম গন্তব্য হিসেবে তুরস্ক পরিদর্শন শেষে গত রোববার লেবাননে পৌঁছান। এএফপি জানায়, ইস্তাম্বুল থেকে বৈরুত অভিমুখে যাত্রাকালে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং পূর্বসূরিদের দেখিয়ে যাওয়া প্রথা অনুযায়ী সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনও করেন।
সংবাদ সম্মেলনে পোপ বলেন, “ভ্যাটিকান দীর্ঘদিন ধরে দুই-রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন প্রকাশ করে আসছে। আমরা সবাই জানি, ইসরায়েল এখনও এই সমাধান গ্রহণ করেনি। তবে চলমান সংঘাত নিরসনের ক্ষেত্রে এটিই একমাত্র গ্রহণযোগ্য সমাধান।”
তিনি আরও বলেন, “আমরা ইসরায়েলের বন্ধু হিসেবেও কাজ করছি এবং দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছি, যা সবার জন্য ন্যায়সঙ্গত সমাধানের দিকে এগোতে সাহায্য করবে।”
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে আসছেন। এমন পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্রের সমর্থন থাকা সত্ত্বেও নেতানিয়াহু তার অবস্থানে অটল রয়েছেন।
পোপ লিও তুরস্ক সফরে ছিলেন এবং সেখানে প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের সঙ্গে আলোচনা করেন। আলোচনার সময় ইসরায়েল-ফিলিস্তিন সংকট ছাড়াও ইউক্রেন-রাশিয়া সংঘাতের বিষয়েও তার কথা হয়েছে। পোপ বলেন, উভয় যুদ্ধের অবসানে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বিশ্বে বাড়তে থাকা রক্তক্ষয়ী সংঘাতের কারণে মানবজাতির ভবিষ্যত ঝুঁকিতে পড়ার বিষয়েও সতর্ক করেন। ধর্মের নামে সহিংসতারও কঠোর নিন্দা জানান। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে পোপ সাধারণত কূটনৈতিক ও সবধানী ভাষায় মন্তব্য করেন, তবে চলতি বছর তার সমালোচনা আরও জোরালো হয়েছে।