মুসলিমরা মসজিদ বানাতেই পারে, কিন্তু ‘বাবরি’ নামে কেন: শুভেন্দু অধিকারী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম
উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে বিতর্ক শুরু হয়েছে। এ নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
শনিবার (৬ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, “হিন্দুরা মন্দির বানাবে, মুসলিমরা মসজিদ বানাবে এটা স্বাভাবিক। কিন্তু নামকরণে আপত্তি আছে। কেন ‘বাবরি’ নাম রাখা হলো?”
তিনি দাবি করেন, ইতিহাসে মোগল ও পাঠানরা ভারত দখল করে অত্যাচার করেছে, জোরপূর্বক ধর্মান্তর ঘটিয়েছে, মন্দির ভেঙেছে এবং নারীদের অসন্মান করেছে। তাই ‘বাবরি’ নাম ব্যবহারকে ভারতীয়দের কেউ সমর্থন করবেন না বলেই মন্তব্য করেন তিনি।
এদিকে, মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়ায়, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানান, সম্ভাব্য অশান্তি রোধে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তায় প্রশাসন সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে।