মিয়ানমারে সামরিক বিমান হামলায় অন্তত ১৮ নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ পিএম
মিয়ানমারের মধ্যাঞ্চলীয় স্যাগাইং অঞ্চলের তাবাইন শহরে সামরিক জান্তার বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার দিকে বিমান থেকে দুটি বোমা নিক্ষেপ করা হয়।
স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, হামলার একটি বোমা ব্যস্ত সময়ে চায়ের দোকানে পড়ার কারণে হতাহতের সংখ্যা বেশি হয়েছে।
স্থানীয় উদ্ধারকর্মী ও বাসিন্দারা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, তিনি হামলার প্রায় ১৫ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছান। তখন সাতজন মৃত অবস্থায় পাওয়া যায়, হাসপাতালে নেওয়ার পর আরও ১১ জন মারা যান। হামলায় চায়ের দোকান ও আশপাশের প্রায় ১২টি বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
হামলায় বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, তিনি চায়ের দোকানে বসে টেলিভিশনে বক্সিং ম্যাচ দেখছিলেন। হঠাৎ বোমা বিস্ফোরণের শব্দে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তিনি বলেন, “বিস্ফোরণের শব্দ ভীষণ তীব্র ছিল এবং মাথার ওপর আগুনের শিখা উঠেছিল। ভাগ্যক্রমে বেঁচে গেছি।”
মিয়ানমারে সামাজিক আড্ডাস্থল হিসেবে চায়ের দোকানগুলো বিশেষ পরিচিত। সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে এবং সামরিক বাহিনী বিদ্রোহীদের দমনে ব্যাপক রক্তক্ষয়ী অভিযান চালাচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় কিছু দেহ চিনতে না পারায় তোয়ালে দিয়ে ঢেকে রাখা হয়। স্থানীয় এক বাসিন্দা বলেন, “নিহতদের মধ্যে অনেকের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাই এটি অত্যন্ত কষ্টের।”
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে স্যাগাইং অঞ্চলে সামরিক জান্তার আরেক বিমান হামলায় ২২ জন নিহত হয়েছিল, যাদের মধ্যে ২০ জন শিশু। যদিও ওই সময় শক্তিশালী ভূমিকম্পের পর সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল জান্তা।