হাদির হত্যাকাণ্ডে জড়িতদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরাতে রিট

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং তারা বিদেশে অবস্থান করলে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আবেদনও করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. মুরাদ ভূঁইয়া জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

রিটকারী জানান, জুলাই যোদ্ধা ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার এবং সংশ্লিষ্ট কেউ বিদেশে অবস্থান করলে ইন্টারপোলসহ আন্তর্জাতিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত মূল দুই অপরাধী বিদেশে অবস্থান করলে তাদের প্রত্যাবর্তন নিশ্চিত করা এবং সন্দেহভাজনদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না—এ মর্মে রুল জারির আবেদন করা হয়েছে।

এ ছাড়া রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশনার আবেদনও রিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমন ও বিচারপতি দিহিদার মাসুম কবীরের সমন্বয়ে গঠিত বেঞ্চে চলতি সপ্তাহে এ রিটের শুনানি হতে পারে বলে আশা প্রকাশ করেন রিটকারী মো. মুরাদ ভূঁইয়া।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495