ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৮:৫১ পিএম
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিরপুরে গুলিতে দেলোয়ার হোসেন নিহতের মামলায় সন্দেহভাজন আসামি।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদ শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী। আসামিপক্ষে রিমান্ড বাতিলের দাবি করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পাখি। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে শেখ মামুন খালেদকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় আন্দোলনরত ছাত্রজনতার ওপর সশস্ত্র হামলায় দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই তার মৃত্যু হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, সন্দিগ্ধ আসামি শেখ মামুন খালেদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, অন্য আসামিদের গ্রেফতার, অচেনা আসামিদের সঠিক নাম-ঠিকানা সংগ্রহ এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
শেখ মামুন খালেদ ২০০৭ সালের ডিসেম্বরে ডিজিএফআইয়ে পরিচালক হিসেবে যোগ দেন। ২০০৮ সালে তিনি কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক হন। ২০১১ সালে তিনি ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন এবং দেড় বছর এই পদে ছিলেন। তার বিরুদ্ধে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বিভিন্ন নিপীড়নসহ অভিযোগ রয়েছে।