ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ৩ দিনের রিমান্ডে
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:২০ পিএম
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার শুনানি শেষে নেত্রকোনা অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালত এ আদেশ দেন।
এর আগে বুধবার সন্ধ্যায় সাত দিনের রিমান্ড আবেদন করে অভিযুক্তকে আদালতে হাজির করে মদন থানা পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাব-১৪ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চার বছর আগে অভিযুক্ত শিক্ষক একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ভুক্তভোগী শিশুটি নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত।
সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হলে বিষয়টি জানতে পারেন তার মা। পরে চিকিৎসা পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, শিশুটি অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।