আইনের নামে জুলুম চলছে, অভিযোগ সাংবাদিক আনিস আলমগীরের
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৮:৫০ পিএম
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজের সঙ্গে অন্যায় ও জুলুম করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক আনিস আলমগীর। শনিবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
শনিবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট–২ থেকে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেল সুপার মো. আল মামুন।
কারা কর্তৃপক্ষ জানায়, শুক্রবার তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় তার স্ত্রীসহ পরিবারের স্বজনরা কারাগারে উপস্থিত ছিলেন।
মুক্তির পর আনিস আলমগীর বলেন, ‘আমার সঙ্গে শুধু অন্যায় নয়, জুলুমও করা হয়েছে।’ তিনি দাবি করেন, এক-এগারোর সময় যে গুম, খুন ও বিনা বিচারে মানুষকে তুলে নেওয়ার সংস্কৃতি চালু হয়েছিল, তা শেখ হাসিনা সরকারের সময় পর্যন্ত চলেছে।
তিনি আরও বলেন, বর্তমানে আইনের নামে জুলুম চলছে এবং এই ধারা যদি অব্যাহত থাকে, তবে জনগণ তা ভালোভাবে নেবে না।
কারাগারে থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, প্রথম এক মাস তিনি মানসিক নির্যাতনের মধ্যে ছিলেন। তার দাবি, বিভিন্ন কারাগারে গিয়ে দেখা যায় একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অনেক কর্মী বন্দি রয়েছেন, যাদের অনেকেরই উল্লেখযোগ্য কোনো পদ-পদবি নেই।
তবে বর্তমান সরকার দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমণ্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে নেওয়া হয়। পরদিন তাকে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়।