ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারে ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সিইসি জানান, ৩০০ আসনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ–২০২৫–এর ওপর গণভোটও একই দিনে আয়োজন করা হবে।

মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। পরদিন থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে বাছাই। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১১ জানুয়ারি পর্যন্ত, আর সেই আপিল নিষ্পত্তি হবে ১২–১৮ জানুয়ারির মধ্যে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা, চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

এর আগে ৯ ডিসেম্বর প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসি ইঙ্গিত দিয়েছিলেন, চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা হতে পারে। ঘোষণার আগে বিচারপতির সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত শেষে বিকেলে ভাষণ রেকর্ড করে নির্বাচন কমিশন।

ইসি সূত্র জানায়, আসন বিন্যাস, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ, মোবাইল কোর্টে ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি ও মনিটরিং সেল গঠন- এসব বিষয়ে একাধিক পরিপত্র জারি করা হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ বলেন, তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ইসির দায়িত্ব নয়, তবে তফসিলের পর সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।

স্বাধীনতার পর এ পর্যন্ত অনুষ্ঠিত ১২টি জাতীয় নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ ৬ বার, বিএনপি ৪ বার এবং জাতীয় পার্টি ২ বার সরকার গঠন করেছে। রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে প্রথম, দ্বিতীয়সহ কয়েকটি সংসদ পূর্ণ মেয়াদ শেষ করতে পারেনি; তবে পঞ্চম, সপ্তম থেকে একাদশ সংসদ পর্যন্ত মেয়াদ পূর্ণ করে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495