এখনও সংকটাপন্ন অবস্থায় হাদি, নেই শারীরিক উন্নতির লক্ষণ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ এএম

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন এবং অপরিবর্তিত রয়েছে। তিনি এখনো জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাপুরে হাদির চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে গণমাধ্যমকে তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জন ও তার চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ।

ডা. আহাদ জানান, সিঙ্গাপুরের নিউরোসার্জনদের সর্বশেষ মূল্যায়নে দেখা গেছে, হাদির মস্তিষ্কে ইস্কেমিক পরিবর্তন ও ফোলা (ইডেমা) এখনও কমেনি। ফলে চিকিৎসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ‘টাইম উইন্ডো’কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় অস্ত্রোপচার ও নিবিড় চিকিৎসা শেষে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর থেকেই নিউরোসার্জারি ও ক্রিটিক্যাল কেয়ার টিম যৌথভাবে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। সেখানে করা ব্রেনের সিটি স্ক্যানে হাদির বাম পাশের ইস্কেমিক পরিবর্তন অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি ব্রেনে ফোলা এখনো বিদ্যমান। ব্রেন স্টেমে আঘাতের কারণে মস্তিষ্কের ভেন্ট্রিকুলার সিস্টেমেও চাপ তৈরি হয়েছে, যা চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও জানান, বর্তমানে হাদির কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুস কৃত্রিম ভেন্টিলেশনের সহায়তায় কার্যকর রাখা হয়েছে। তার জিসিএস স্কোরেও এখন পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। অর্থাৎ নিউরোলজিক্যাল প্রতিক্রিয়ায় দৃশ্যমান কোনো উন্নতি বা অবনতি—কোনোটিই দেখা যাচ্ছে না।

চিকিৎসকদের মতে, এই পর্যায়ে সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ব্রেন ইনজুরির ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা বা ‘টাইম উইন্ডো’ থাকে। এই সময়ের মধ্যে শরীর যদি ইতিবাচক সাড়া দেয়, তাহলে পরবর্তী উন্নতির সম্ভাবনা তৈরি হয়। সেই সময়সীমার মধ্যেই হাদির শরীর কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় কি না, সেদিকেই চিকিৎসকদের নজর রয়েছে।

ডা. আহাদ জানান, হাদির ফুসফুসের সর্বশেষ সিটি স্ক্যানে আগের মতোই রক্তের উপস্থিতি দেখা গেছে। এ কারণেই বাংলাদেশে থাকাকালে তার বুকে চেস্ট ড্রেন দেওয়া হয়েছিল। সিঙ্গাপুরেও সেই জটিলতা বিবেচনায় রেখে শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থাপনা চালু রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি নাকচ করেছেন চিকিৎসকরা। হাদি চোখ খুলেছেন বা তার অবস্থার উন্নতি হয়েছে—এ ধরনের তথ্য সত্য নয় বলে স্পষ্ট করেছেন ডা. আহাদ। তিনি জানান, হাদির অবস্থা এখনো স্ট্যাটিক রয়েছে এবং জ্ঞান ফিরে আসার বিষয়ে এখনই কোনো নিশ্চিত পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495