বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিদেশে শ্রমিক রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দালাল চক্র। এই চক্র মানুষকে কীভাবে প্রতারিত করে তা গ্রামাঞ্চলে গেলে সহজেই বোঝা যায়।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে বুধবার (১৭ ডিসেম্বর) ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ইউনূস।
ড. ইউনূস বলেন, “বিদেশে যাওয়ার সঙ্গে দালাল শব্দটা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে। কেউ আশা করে বসে আছে, ছেলে বা স্বামীকে বিদেশ পাঠাবে। টাকার জন্য মানুষ ধার নেয়, ব্যাংক থেকে ঋণ নেয়, তারপরও প্রতারণার শিকার হয়। আমাদের করা কাজগুলো উপরের দিকে সঠিক হলেও ভেতরে ঢোকার পথে বাধা আছে।”
তিনি আরও জানান, সমস্যাটি অনেক জটিল এবং সমাধানের জন্য যা প্রচেষ্টা দরকার, তা এখনও করা সম্ভব হয়নি। ড. ইউনূস বলেন, “এই সমস্যা আমার সঙ্গে বিভিন্নভাবে পরিচিত; সরকারে আসার অনেক আগে থেকেই আমি এর সঙ্গে সংযুক্ত ছিলাম।”
তিনি আরও বলেন, “পৃথিবীতে তরুণ শক্তির অভাব, কিন্তু আমাদের দেশে এটি এক ধন। আমাদের তরুণ শক্তি সোনার চেয়েও বেশি মূল্যবান। সারা বিশ্বের দেশগুলোর কাছে আমাদের তরুণদের পাঠাতে হবে।”
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে সরকারী নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।