জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন করেছে ইসি
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর জারি করা মূল প্রজ্ঞাপনের কিছু তারিখ ও তথ্য সংশোধন করে শনিবার (২০ ডিসেম্বর) নতুন প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপনে মূলত তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে ইসি।
সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১১-এর দফা (১) অনুযায়ী জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে প্রতিটি নির্বাচনি এলাকা থেকে একজন সদস্য নির্বাচনের সময়সূচি সংক্রান্ত ১১ ডিসেম্বর প্রকাশিত বাংলাদেশ গেজেট আংশিক সংশোধন করা হয়েছে।
এতে আরও জানানো হয়, গেজেটের ১৩৩০৫ পৃষ্ঠায় সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন উল্লেখিত শব্দ ও চিহ্ন বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সূচি সংশোধন করা হয়েছে। পূর্বে নির্ধারিত ২১–২৭ পৌষ (৫–১১ জানুয়ারি), সোমবার–রোববারের পরিবর্তে নতুন করে ২১–২৫ পৌষ (৫–৯ জানুয়ারি), সোমবার–শুক্রবার নির্ধারণ করা হয়েছে।
এছাড়া আপিল নিষ্পত্তির সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। গেজেটের ১৩৩০৬ পৃষ্ঠায় উল্লিখিত পূর্বের ২৮ পৌষ–৪ মাঘ (১২–১৮ জানুয়ারি), সোমবার–রোববারের পরিবর্তে সংশোধিত সময়সূচি অনুযায়ী ২৬ পৌষ–৪ মাঘ (১০–১৮ জানুয়ারি), শনিবার–রোববার নির্ধারণ করা হয়েছে।