শহীদ হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও থাকবে পুলিশি প্রহরা

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন কবরস্থানে এখনো ভিড় করছেন সাধারণ মানুষ। সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশের ওই এলাকায় মানুষের উপস্থিতি চোখে পড়েছে। কেউ কবরের বাইরে দাঁড়িয়ে দোয়া করছেন, কেউ ভেতরে প্রবেশের অপেক্ষায়, আবার কেউ মোবাইলে ছবি তুলছেন।

শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে সাতটার দিকে সরেজমিনে দেখা যায়, কবরস্থানের সামনের অংশে নিরাপত্তা বাহিনীর বলয় কিছুটা শিথিল করা হয়েছে। একই সঙ্গে শাহবাগ থানা ও টিএসসি এলাকায় দেওয়া ব্যারিকেডও তুলে নেওয়া হয়েছে।

তবে নিরাপত্তা পুরোপুরি প্রত্যাহার করা হয়নি। কবরস্থানে প্রবেশের জন্য ব্যবহৃত মসজিদের গেট এবং বাইরের মূল ফটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সার্বিক নিরাপত্তা বিবেচনায় রাতভর কবরস্থানে পুলিশি প্রহরা অব্যাহত থাকবে। এ সময় কবরস্থানের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দর্শনার্থীরা কেবল বাইরে থেকেই দোয়া ও মোনাজাত করতে পারছেন।

নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতে পুলিশ মোতায়েন থাকবে। প্রয়োজন হলে আগামীকালও এই এলাকায় বাড়তি সতর্কতা জারি রাখা হতে পারে। তবে কবে নাগাদ কবরস্থানটি সাধারণ মানুষের জন্য পুরোপুরি খুলে দেওয়া হবে, সে বিষয়ে তিনি নিশ্চিত কোনো সময় জানাননি।

এর আগে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়। দাফনকালে হাদির পরিবার-পরিজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় লাখো মানুষের অংশগ্রহণে হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক নামাজে জানাজা পরিচালনা করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495